ই-কমার্সের নামে আড়াই কোটি টাকা আত্মসাত্

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০০:৩৫

প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান থলেডটকম ও ‘উইকমডটকম প্রতিষ্ঠানের পাঁচ জন এবং রিং আইডির পরিচালক ও টুয়েন্টিফোর টিকিট ডটকমের এক বোর্ড অব ডিরেক্টরকে সিআইডি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—থলেডটকম ও উইকমডটকমের হেড অব অপারেশন নজরুল ইসলাম, অ্যাকাউন্ট অফিসার সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ অফিসার সাজ্জাদ হোসেন ওরফে পিয়াস, কল সেন্টার এক্সিকিউটিভ অফিসার মুন্না পারভেজ ও সুপারভাইজার মাসুম হাসান । রিং আইডির পরিচালক রেদোয়ান রহমান ও টুয়েন্টিফোর টিকিট ডটকমের বোর্ড অব ডিরেক্টর এম মিজানুর রহমান সোহেল। গতকাল মালিবাগে সিআইডি কার্যালয়ে এ সংক্রান্ত পৃথক সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডি কর্মকর্তারা।

গতাল দুপুরে মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমান হোসেন বলেন, সাশ্রয়ী মূল্যে মোটরসাইকেল, টিভি, ফ্রিজসহ নানা ইলেকট্রনিক পণ্য বিক্রির কথা বলে সাধারণ ক্রেতাদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুই ভুয়া ই-কমার্স প্রতিষ্ঠান থলেডটকম ও উইকমডটকম। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করবে বলে গ্রাহকরা এ ভুয়া দুই ই-কমার্স প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের অর্ডার দেয়। কিন্তু অর্ডার এবং গ্রাহকদের টাকা নিয়ে পণ্য না দিয়ে প্রতারণা শুরু করে প্রতিষ্ঠান দুইটির কর্মকর্তারা। এভাবে গ্রাহকদের প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

‘থলেডটকম’ ও ‘উইকমডটকম’র অফিস তল্লাশি করে অফিস ভাড়ার চুক্তিপত্র, গন্তব্য লজিস্টিকস সার্ভিস লিমিটেড এজেন্ট সংক্রান্ত চুক্তিপত্র, জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত ইভেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট সংক্রান্ত চুক্তিপত্রসহ বিভিন্ন ব্যাংকের চেক, গ্রাহকদের কাছ থেকে চেক গ্রহণের তথ্য, সিপিইউ, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন, দুটি রেজিস্টার ও টাকা গণনার মেশিন জব্দ করে সিআইডি।

এদিকে, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে অনলাইন টিকিটিং এজেন্সি টুইন্টিফোর টিকিট উটকমের বোর্ড অব ডিরেক্টরের সদস্য এম মিজানুর রহমান সোহেলকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি টিম। এর আগে, গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে টুইন্টিফোর টিকিট ডটকমের অন্য একজন পরিচালক রাকিবুল হাসানকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের টিম। গতকাল সোমবার দুপুরে মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তদন্তকারী সংস্থা সাইবার টিমের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।