তুরাগে ট্রলারডুবি

দুই দিন পর ভেসে উঠল নিখোঁজ মা-মেয়ের লাশ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০০:৩৬

রাজধানীর আমিন বাজারে তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ট্রলারডুবির ঘটনার দুই দিন পর ভেসে ওঠে তাদের লাশ। তারা হলেন—রূপায়ন বেগম (৩০) ও তার তিন বছর বয়সি মেয়ে জেসমিন। গতকাল বসিলা ব্রিজ ও মুন্সীগঞ্জের মুক্তারপুরে ভেসে ওঠে তাদের লাশ। এর আগে দুর্ঘটনার দিনই পাঁচ জনের লাশ উদ্ধার করে ডুবুরিরা। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল সাত-এ। যার পাঁচ জন একই পরিবারের।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ট্রলারডুবির ঘটনার পরে ঐ দিনই চার শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়। নৌপুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ জানান, মা-মেয়ের লাশ উদ্ধারসহ মোট সাতটি লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার সকালে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। এ ঘটনায় নিখোঁজ হয় ট্রলারের নারী ও শিশুসহ সাত যাত্রী। পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরিরা।