প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলোকে এমপিওভুক্তির দাবিতে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে বিদ্যালয়ের শিক্ষকরা শান্তিপূর্ণ যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর থেকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর দেখা না পাওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সমন্বয়ক আরিফুর রহমান অপু এই ঘোষণা দেন।
রাত ১২টার দিকে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষকরা কেউ কেউ নিজেদের ব্যানার বিছিয়ে রাস্তায় শুয়ে আছেন, কেউ-বা বসে আছেন। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই আলামিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
আরিফুর রহমান অপু বলেন, সারা দেশে প্রায় ২ হাজার ৬৯৭টি প্রতিবন্ধী স্কুল আছে। স্কুলগুলোর সঙ্গে প্রায় ৬০-৭০ হাজার শিক্ষক-কর্মচারী সম্পৃক্ত আছেন। এই স্কুলগুলোতে প্রায় ৬ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। স্কুলগুলোতে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয়। এই বিদ্যালয়গুলোকে এমপিওভুক্তির দাবি জানাচ্ছি আমরা।
