ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস চার্লস বলেছেন, জলবায়ু পরিবর্তন বা পরিবেশবাদী কর্মীরা কেন তাদের দাবি আদায়ে রাস্তায় নামেন তা তিনি বুঝতে পারেন। তিনি তাদের কষ্টের কথা বোঝেন। তবে রাস্তা অবরোধ করা এই কাজে সহায়ক নয়। তিনি সতর্ক করে দেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হতে পারে। প্রিন্স চার্লস গতকাল সোমবার বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কেবল কথাই বলে যাচ্ছেন, কিন্তু এর বিপর্যয় ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না, যা উদ্বেগজনক। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৬ সামনে রেখে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ৭২ বছর বয়সী প্রিন্স চার্লস বলেন, তিনি বুঝতে পারছেন রাজনীতিবিদদের নিষ্ক্রিয়তার মুখোমুখি হয়ে কেন আন্দোলনকারীরা সরাসরি ব্যবস্থা নেয়।
