আইএসের অর্থ বিষয়ক প্রধানকে আটক করেছে ইরাক

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০০:৪০

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অর্থ বিষয়ক প্রধানকে আটকের দাবি করেছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি এক টুইটার বার্তায় জানিয়েছেন, দেশের সীমান্তের বাইরে একটি জটিল অভিযানে তার দেশের নিরাপত্তা বাহিনী সামি জসিম আল-জাবুরিকে আটক করেছে। জসিম ‘হাজি হামিদ’ নামেও পরিচিত। ইরাকের প্রধানমন্ত্রী জানান, সামি জসিম আইএস প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদির ডেপুটি হিসেবে কাজ করেছেন। ইরাকের বাইরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তবে এই অভিযান কোথায় হয়েছে বা তাকে ইরাকে আনা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। যদিও ইরাকের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সামি জসিমকে তুরস্ক থেকে আটক করা হয়। যুক্তরাষ্ট্র সামি জসিমকে আটকে তথ্যদাতাকে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। -বিবিসি