‘হজের খরচ বাড়েনি বেড়েছে সৌদি সার্ভিস চার্জ’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

ইত্তেফাক রিপোর্ট 

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সরকার এবার হজযাত্রার খরচ কমিয়ে আনলেও সৌদি আরবের সার্ভিস চার্জ বেড়ে যাওয়ায় মোট খরচ বেড়ে গেছে। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে হজযাত্রার খরচ নিয়ে এই যুক্তি তুলে ধরেন তিনি। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকার সার্ভিস চার্জসহ অন্যান্য খরচ বাড়িয়েছে ২৪ হাজার ৯৮০ টাকা। সৌদি সরকারের বাড়ানো চার্জ কারও কমানোর ক্ষমতা নেই জানিয়ে তিনি বলেন, প্যাকেজ-২ এ সৌদি সরকার চার্জ বাড়িয়েছে ১৯ হাজার ৩৫ টাকা। কিন্তু গত বছরের তুলনায় বেড়েছে ১২ হাজার টাকার মতো।

প্রতিমন্ত্রী বলেন, এবছর প্যাকেজ ১ এর জন্য প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছিল ৪ লাখ ৪২ হাজার ৯১০ টাকা আর প্যাকেজ ২ এর জন্য ব্যয় ধরা হয়েছিল ৩ লাখ ৭০ হাজার টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অগাস্ট হজ হতে পারে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এ বছর যারা হজে যেতে চান তাদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে। এবার রমজান মাসের আগেই সৌদিতে বাড়ি ভাড়া করতে হবে। সৌদির বাড়ি ভাড়া এবং সার্ভিস ও ক্যাটারিং চার্জ অনলাইনে জমা দিতে হবে। গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৯’ এবং ‘হজ প্যাকেজ-২০১৯’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ প্যাকেজ-১ এ চার লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং প্যাকেজ-২ এ তিন লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর প্যাকেজ-১ এ তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এ তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা নির্ধারিত ছিল। সেই হিসেবে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এ এবার ২০ হাজার ৫৭১ টাকা এবং প্যাকেজ-২ এ ২৪ হাজার ৬৪৫ টাকা বেশি খরচ পড়বে।