ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। গত সোমবার রাতে অঞ্চলটির সোপিয়ান জেলায় এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। নিহত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে অন্তত একজন গত সপ্তাহে কাশ্মীর উপত্যকায় বেসামরিকদের হত্যার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। এনডিটিভি
এদের তিন জনই রেজিট্যান্স ফ্রন্টের সদস্য বলে ধারণা করা হচ্ছে। লস্কর-ই-তৈয়্যবার এই শাখা কাশ্মীর জুড়ে বেসামরিক হত্যার পেছনে আছে বলে ভারতীয় কর্তৃপক্ষের বিশ্বাস। পুলিশ বলেছে, ‘লস্কর-ই-তৈয়বার তিন সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের শনাক্ত করার কাজ চলছে। তাদের কাছে অস্ত্র, গোলাবারুদসহ আপত্তিকর উপাদান পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রে সোপিয়ানের তুলরান ইমামসাহেব এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের দল সেখানে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী তল্লাশি বৃত্ত ছোট করে বিচ্ছিন্নতাবাদীরা যেখানে লুকিয়ে ছিল তার কাছাকাছি উপস্থিত হতেই গুলির মুখে পড়ে, পালটা গুলিতে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। পুলিশ জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেও তারা তা গ্রহণ করেনি। নিহত তিন জনের মধ্যে মুখতার শাহর বাড়ি কাশ্মীরের গানদেরবাল জেলায়। কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের সড়কে খাদ্যপণ্য বিক্রেতা বিহারের বাসিন্দা বিরেন্দ্র পাসওয়ানকে হত্যায় শাহ জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
০
