পাইকগাছায় কপোতাক্ষের ভাঙন
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে পাইকগাছার মাহমুদকাটি-হিতামপুর মালোপাড়ার বসতঘর, গাছপালা ও ফসলি জমি। ফলে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে মালোপাড়ার নদ তীরবর্তী মানুষ। বিলীনের হুমকিতে রয়েছে একটি মন্দির ও প্রায় ২৫টি বসতঘর। মালোপাড়া ছাড়াও পাইকগাছায় ভদ্রা তীরবর্তী দেলুটির কালিনগর ও দারুনমল্লিক এবং কপোতাক্ষ তীরবর্তী রাড়ুলী মালোপাড়া, স্টিমার ঘাট, আগড়ঘাটা, সোনাতনকাটি, কপিলমুনি, কাশিমনগরসহ বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত মালোপাড়ার রঞ্জিত, নিমাই, প্রভাষ, রোবিন, সুভাষসহ একাধিক বাসিন্দা জানান, জোয়ারের পানি বাড়ির ভেতরে প্রবেশ করছে। আর ভাটার টানে নদীর তীর ভেঙে ভাঙনের তীব্রতা বাড়ছে। বোয়ালিয়া মালোপাড়ার দুর্গামন্দির কমিটির সভাপতি লালু বিশ্বাস জানান, বিগত কয়েক বছর নদের ভাঙনের তীব্রতা কম ছিল। তবে এ বছর ভাঙনের তীব্রতা বাড়ছে। অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমাদের মন্দির, বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, আমি এখানে নতুন এসেছি। ভাঙনকবলিত এলাকা দেখেছি। উপজেলা মিটিংয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য মো. আকরুজ্জামান বাবু ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ বিষয় পানি উন্নয়ন বোর্ড পাইকগাছার সাব-অ্যাসিস্ট্যাট ইঞ্জিনিয়ার রাজু হাওলাদার বলেন, ভাঙন এলাকার ডিজাইন ও পরিকল্পনা প্রস্তুত করে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এছাড়া ভাঙন রোধে প্রায় ৩ কোটি টাকার চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে।
