যমুনার চরে গাইঞ্জা ধান রোপণে ব্যস্ত কৃষক

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরাজগঞ্জের যমুনা চরের কৃষকরা গাইঞ্জা ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। পলি মাটিতে রোপণের কারণে এ ধানে তেমন সার দিতে হয় না, যে কারণে কৃষকরা বেশ লাভবান হন। সিরাজগঞ্জ সদর উপজেলার বড়পিয়ারী চরের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, বন্যার পানি নেমে যাওয়া শুরু করলে সঙ্গে সঙ্গে এই ধানের চারা রোপণ শুরু হয়। এই ধান অসময়ে ঘরে আসায় কৃষকের খুব উপকার হয়। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হানিফ জানান, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের গাইঞ্জা ধান চাষের পরামর্শ দেওয়া হয়েছে।