নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ইয়াছিন আলী (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ি রেলঘুন্টি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ইয়াছিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের জহুর আলীর ছেলে এবং পলাশবাড়ি পরশমনি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, সকালে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর এক্সপ্রেস রূপসা ট্রেনে কাটা পড়ে মারা যায় ইয়াছিন। সে বাড়ির পাশে রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিল।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
