সুজানগর (পাবনা) সংবাদদাতা
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজায় সুজানগর পৌর বাজারসহ উপজেলার কোনো হাট-বাজারেই তেমন কেনাকাটা নেই। পৌর বাজারের মেসার্স বেনু ক্লথ স্টোরের কর্মচারী আব্দুল আজিজ এবং হাজী কদ্দুস শপিং মলের ব্যবসায়ী রবি জানান, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে তারা জেলা শহরের বিপণীগুলোর মতো তাদের দোকানপাটও দেশি-বিদেশি পোশাক দিয়ে সাজিয়েছিল; কিন্তু ষষ্ঠি পার হলেও পূজায় তেমন কেনাকাটা নাই। তাদের দোকানে বসে অলস সময় পার করতে হচ্ছে। অথচ অন্যান্য বছর পূজার মধ্যে তাদের দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা হয়েছে। পৌর বাজারে কেনাকাটা করতে আসা মানিকহাট গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী প্রদীপ কুমার বিশ্বাস বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষের আর্থিক অবস্থা ভালো না। তাছাড়া ঐ সব বিপণীগুলোতে শিশু পোশাক থেকে শুরু করে সব প্রকার পণ্যের দামও বেশ চড়া। সেকারণে এবার পূজায় তেমন কেনাকাটা নেই।
