ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ছয় জনকে আটক করা হয়েছে। এসময় তাদের জিম্মা থেকে সাতটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংযে এসব তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, জেলার নগরকান্দা উপজেলার কালিখোলা গোপালপুর বাজার এলাকা থেকে চোরাই মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সানোয়ার প্রামানিককে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সানোয়ারের বিরুদ্ধে এর আগে সাতটি মাদক মামলা ও একটি চুরি মামলা রয়েছে। তার দেওয়া তথ্য মতে আটক করা হয় মো. লিটন সিপাই, দেলোয়ার প্রামানিক, আরিফ প্রামানিক, নাজমুল মোল্যা, সাকিল মোল্যা ও আলামিন শেখ নামের আরো ছয় জনকে। তাদের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।
