স্পোর্টস রিপোর্টার
ব্যাংকের লকারের রাখার মতো নিজেকে আটকে রেখ না। আজ ক্যারিয়ারের সেরাটা মেলে ধরতে হবে। অন্যকোনো কথা শুনব না। কোনো এক্সকিউজ চলবে না—কথাগুলো মালদ্বীপে বাংলাদেশের ফুটবলারদের শুনিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। সাত দিনে তিন ম্যাচ খেলে বাংলাদেশের ফুটবলাররা ক্লান্ত ছিলেন। বিশেষ করে সাফের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে নেমে ১-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ গোল করে ম্যাচটা ড্রয়ে নামিয়ে এনেছিল। তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে শুরুতেই ভালো খেললেও হারতে হয়েছে ২-০ গোলে। ক্লান্তি ছিল খেলোয়াড়দের। আজ আর ক্লান্তির কথা মুখে আনতে বারণ করেছেন কোচ ব্রুজন। পাঁচ দিন পর আজ মাঠে নামবে। ব্রুজন বলেছেন, ‘আমি কোনো কথা শুনব না। কার কী ক্লান্তি আছে তা নিয়ে ভাবব না।’
মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থাকার পরও গোল শোধ করার সুযোগ ছিল। সোহেল রানা লালকার্ড পেয়ে মাঠ ছাড়ায় দ্বিতীয় গোল হজম করে পেনাল্টি থেকে। সেই ম্যাচ নিয়ে ব্রুজন বলেছেন, ‘মালদ্বীপ ম্যাচটা ছিল একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনার পুরাবৃত্তি চাই না।’ নেপাল নিয়ে বলেছেন, ‘নেপাল ভালো দল। আমরা (বাংলাদেশ) আরো ভালো দল। এখন আমরা ফেভারিট। আমরা ফাইনাল ম্যাচ পর্যন্ত বেঁচে থাকতে চাই।’ অস্কার ব্রুজন পরিষ্কার বলে দিয়েছেন তারা আজ জিতে ফাইনালে উঠতে চান। ১৬ বছর আগে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর অনেক কাঠখড় পুড়িয়েও নেপালকে হারাতে পারেনি বাংলার ফুটবলাররা। আজ আবার সেই ক্ষণটি এসেছে। নেপাল বাংলাদেশ মুখোমুখি। কঠিন পরিস্থিতিতে মুখোমুখি বাংলাদেশ।
