আজ দুবাই যাচ্ছেন নাজমুল হাসান পাপন

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৩৮

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিতে আজ দেশ ছাড়ছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকা থেকে দুবাই যাবেন তিনি। এসিসির সভা শেষে দুবাই থেকে ওমানে যাবেন বিসিবির সভাপতি। সেখানে আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচ দেখবেন তিনি।

বিসিবি সূত্র গতকাল বিষয়টি নিশ্চিত করেছে। ওমানে মাহমুদউল্লাহ-মুশফিকদের ম্যাচ দেখতে উড়াল দেবেন বিসিবির কয়েক জন পরিচালক। জানা গেছে, আগামীকাল (১৪ অক্টোবর) আকরাম খানও ওমানের উদ্দেশে দেশ ছাড়বেন। তবে প্রথম রাউন্ড শেষে বাংলাদেশ সুপার-১২ পর্বে উন্নীত হলে দুবাই যেতে পারেন বিসিবির কয়েক জন পরিচালক। আগামী ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের সপ্তম আসর। এদিন ওমানে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের লড়াই।  

গত সপ্তাহেই নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। নতুন বোর্ডে পরিচালকদের বিভাগ বণ্টন এখনো হয়নি। টি-২০ বিশ্বকাপের পরই বিভিন্ন বিভাগের দায়িত্ব পাবেন পরিচালকেরা।