বিনোদন রিপোর্ট
এবার একসঙ্গে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ‘ঘুড়ি’ খ্যাত গায়ক লুত্ফর হাসান ও ‘শিস বালিকা’ খ্যাত গায়িকা অবন্তী সিঁথি। সম্প্রতি ‘কেমন আছো বন্ধু তুমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা ও সুর করেছেন লুত্ফর হাসান এবং সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। এরইমধ্যে গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন শান সায়েক। নতুন গান প্রসঙ্গে লুত্ফর হাসান বলেন, ‘দুই সংসারের দুই অসুখী মানুষের হাহাকারের গল্প নিয়ে এই গান। এমন অনেকেই কিংবা প্রায় সকলেই এই গোপন ব্যথায় আক্রান্ত, মনের মানুষের সঙ্গে হয়তো তার সংসার হয়নি। পৃথক বসবাসের ব্যাকুলতা উঠে এসেছে গানের কথায়। সুরেও রয়েছে সেই বিরহের উপাদান।’
অবন্তী সিঁথি এর আগে লুত্ফর হাসানের কথায় বিচ্ছিন্নভাবে গাইলেও দ্বৈত গানে এবারই প্রথম। গানটি শিগগিরই লুত্ফর হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
