শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে’- ২০১৯ উদযাপন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

গতকাল মঙ্গলবার বিকালে রাজধানী উত্তরার জমজম কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০১৯ ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত এর শুভ জন্মদিন। এ উপলক্ষে গত ৮ ফেব্রুয়ারি থেকে একটানা চারদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল ধারাবাহিক অনুষ্ঠানের চতুর্থ তথা শেষ দিন দুপুর ২টায় রাজধানীর উত্তরখানে ‘শান্ত নিবাসের’ আনুষ্ঠানিক উদ্বোধন ও মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালার। এরপর বিকাল ৪টায় জমজম কনভেনশনে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের প্রিয় চেয়ারম্যানকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ আহসানুল কবীর, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী মোঃ মফিজুর রহমান, ট্রেজারার শামসুন নাহার, রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান ও ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য, শিক্ষকবৃন্দ এবং ফাউন্ডেশনের সকল অঙ্গ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী সহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের মেম্বার প্রফেসর মোস্তাফিজুল হক। — প্রেস বিজ্ঞপ্তি