শুরু হচ্ছে সিসিমপুরের নতুন সিজন

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৪০

 

 

আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম। ‘তের পেরিয়ে চৌদ্দ এলো/এগিয়ে চলো, পেখম মেলো’—শ্লোগানে হালুম টুকটুকি, ইকরি ও শিকু হাজির হচ্ছে নতুন নতুন সব গল্প নিয়ে। সিজন ১৪-এর আনকোরা পর্বগুলো শিশুরা দেখতে পাবে দুরন্ত টেলিভিশনের পর্দায়। পরবর্তীতে যা দেখা যাবে বিটিভি এবং মাছরাঙা টিভিতে।

জানা গেছে, এমপ্যাথি বা সমানুভূতিকে মূলভাব ধরে সিসিমপুরের এই মৌসুমটি সাজানো হয়েছে মজার মজার সব গল্প দিয়ে। এছাড়া প্রতিবারের মতোই থাকছে গুণী ময়রা, আশা, গ্রোভার, রায়া, খুশি আর বাহাদুর। থাকবে ইকরির বর্ণ লেখার গল্পগুলো। প্রতিটি পর্বে ইকরি একটি করে বর্ণ লিখবে। সাউন্ড আর ভিজ্যুয়ালের মাধ্যমে খেলতে খেলতেই ইকরি শিখবে ও শেখাবে কীভাবে এক-একটি বর্ণ লিখতে হয়। আরো থাকবে উপস্থাপক শিকুর উপস্থাপনায় দারুণ কুইজ শো ‘শিকুর বলতে পারো’। বন্ধু রায়াকে সঙ্গে নিয়ে ‘মুশকিল আসানকারি গ্রোভার’ দারুণ মজার সব গল্প শোনাবে।

১৪ অক্টোবর ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে সিসিমপুর সিজন-১৪ উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন ডেভিস স্টিভেন্স, সিসেমি ওয়ার্কশপের প্রেসিডেন্ট শেরি ওয়েস্টিন, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু, দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিত্ চৌধুরী, এশিয়াটিকের ভাইস চেয়ারম্যান সারা যাকের, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।