ঢাবির মাস্টারপ্ল্যানে প্রধানমন্ত্রীর সন্তোষ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক ও একাডেমিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রস্তুত করতে তৈরি মাস্টারপ্ল্যান দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এমন মনোভাব পোষণ করেন তিনি। একই সঙ্গে কিছু জায়গায় সংযোজন ও দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বলে জানান উপাচার্য। 

সাক্ষাতের বিষয়ে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী তার মাতৃসম বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান দীর্ঘসময় ও আগ্রহ নিয়ে দেখেছেন। আজকেই তিনি আমাদের মাস্টারপ্ল্যানটি প্রথমবার অবলোকন করেছেন। তিনি উপস্থাপনা দেখলেন, পৌনে দুই ঘণ্টা আমাদের কথা শুনেছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। কিছু অবজারভেশন দিয়েছেন, সেগুলো সমন্বয় করতে বলেছেন। সবমিলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং ধন্যবাদ দিয়েছেন। এছাড়া যত দ্রুত এই কাজগুলো পর্যায়ক্রমে করা যায় সে বিষয়ে ভাবার জন্য তাগিদ দিয়েছেন। যথাসময়ে গুণমান বজায় রেখে কাজ করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

২০২০ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এই মাস্টারপ্ল্যান অনুমোদন করা হয়।

নতুন করে ৯৭টি ভবন নির্মাণ, পুরোনো ভবনগুলো সংস্কার, টিএসসিকে আধুনিক করে গড়া, লাইব্রেরি সংস্কার, বিদ্যুত্ ব্যবস্থাকে সোলারের আওতায় আনা, শিক্ষার্থীদের হাঁটার জন্য আলাদা লেন করা, সাইকেল চলাচলের জন্য আলাদা লেন করাসহ আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে এ মাস্টারপ্ল্যানে।