আড়াই কোটি টাকা আত্মসাত্
ইত্তেফাক রিপোর্ট
আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় রূপালী ব্যাংক লিমিটেডের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুদকের একটি বিশেষ টিম তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রূপালী ব্যাংকের বগুড়ার মহাস্থানগর শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার (বর্তমান জয়পুরহাট শাখা) মো. মাহাতাব উদ্দীন এবং একই শাখার সাবেক অফিসার (বর্তমান টিএমএসএস শাখা বগুড়া) মো. কায়েদ আজম।
দুদক সূত্র জানায়, মহাস্থানগড় রূপালী ব্যাংকের ওই শাখা থেকে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ব্যাংকের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলাটি দুদক তদন্ত শুরু করে। তদন্ত কর্মকর্তা তদন্তে সাতজনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পান এবং সে সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি কমিশনে জমা দেওয়া হয়। কমিশন যাচাই বাছাই করে গ্রেফতারকৃত দুই ব্যাংক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেন। চার্জশিটে থাকা অপর ৫ জন হলেন রূপালী ব্যাংকের মহাস্থানগড় শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে-বরখাস্তকৃত) মো. জোবায়েনুর রহমান (রেজিঃ নং- ১০৮৮৫), সিনিয়র অফিসার, মোছাঃ ইসরাত জাহান (রেজিঃ নং- ১৩৬৭৯), মেসার্স আজমল ট্রেডাস মালিক মো. আজমল হোসেন, মেসার্স জাহিদ কনষ্ট্রাকশন এর মালিক জাহিদুর রহমান ও মেসার্স হোসেন ট্রেডার্সের মালিক মোশারফ হোসেন।
