আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ’৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। সুতরাং গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে। গতকাল মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এসব কথা বলেন।
‘সরকারকে আর সময় দেওয়া যায় না’ মর্মে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এদেশের জনগণ, আর ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ এবং দেশের ভোটারগণ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইউপি নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় দুই বছর যারা অপেক্ষা করেছেন তাদের ভোগান্তি শেষ হতে যাচ্ছে জানিয়ে বলেন, প্রায় সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কাজ শেষ হবে। গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটিএসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। একই সঙ্গে গত ১০ অক্টোবর থেকে দুই লেন বিশিষ্ট ভেহিকেল ইন্সপেকশন সেন্টারের (ভিআইসি) একটি লেন থেকে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে এবং অন্য একটি লেনের মেরামত কাজ চলছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, মেরামত কাজ শেষ হলে দুটি লেন থেকেই গ্রাহকদের সেবা দেওয়া হবে।
