মুম্বাই পুলিশ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল প্রধান সমীর ওয়াংখেড়সহ কয়েক অফিসারদের অনুসরণ করছে বলে অভিযোগ। এনসিবির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার পালটা অভিযোগ। যদিও ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ের চাকরির মেয়াদ আরো ছয় মাস বেড়েছে। খবর ডয়চেভেলে ও হিন্দুস্তান টাইমসের
শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারের পরে মুম্বাই পুলিশ এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সোমবার বিষয়টি চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। এনসিবির দুই অফিসার সোমবার মুম্বাই পুলিশ প্রধানের সঙ্গে দেখা করেছেন। সূত্র জানায়, সেখানে তারা মুম্বাই পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বলা হয়েছে, মুম্বাই পুলিশ তাদের অনুসরণ করছে।
সমীর ওয়াংখেড়ে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেছেন, গত কয়েক দিন ধরে তাকে মুম্বাই পুলিশের দুই কনস্টেবল অনুসরণ করছে। প্রতিদিন কাজের শেষে একটি গোরস্থানে মায়ের কবর দেখতে যান সমীর। অভিযোগ, সেখানেই তিনি খেয়াল করেন, দুই কনস্টেবল তাকে অনুসরণ করছেন। শুধু তাই নয়, মুম্বাই পুলিশ ঐ গোরস্থানের সিসিটিভি ফুটেজও নিয়েছে বলে তার অভিযোগ। যদিও সাংবাদিকদের কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
এনসিবির আরেক অফিসার মুথা জৈনও একই অভিযোগ করে সাংবাদিকদের বলেছেন, সমস্ত অভিযোগ লিখিত আকারে পুলিশের কাছে দেওয়া আছে। আলাদা করে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য চান না। এদিকে আরিয়ানকাণ্ডে এনসিবি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নবাব মালিকের। তার দাবি, ইচ্ছাকৃতভাবে সাজানো মামলায় গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে। তার অভিযোগ, ঐদিন অবৈধভাবে বিজেপিকর্মীদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে গিয়েছিল এনসিবি। শুধু তাই নয়, কয়েক জনকে সেদিন ছেড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর আগেও কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে মহারাষ্ট্র প্রশাসনের বিতর্ক প্রকাশ্যে এসেছে। এবার আরিয়ানকাণ্ডেও সেই সংঘাত প্রকাশ্যে চলে এলো।
