পালানোর পথও খুঁজে পাবেন না :ফখরুল

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:২৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, ‘একটা নিরপেক্ষ নির্বাচন দেন, যাতে সবাই ভোট দিতে পারবে। জনগণের জন্য সেই অবস্থা তৈরি করেন। দেখেন, আপনারা কোথায় থাকেন। পালানোর পথও খুঁজে পাবেন না।’

গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ কথা বলেন। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সম্মেলনে কৃষক দলের নবগঠিত কমিটির হেলালুজ্জামান তালুকদার লালু, গৌতম চক্রবর্তী, টি এস আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে ওনারা নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করছেন। আর কীসের সার্চ কমিটি? আপনারা যাকে চাইবেন, সে-ই তো হবে।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাহেব কিছু সত্য কথা বলেছেন। এখন তার বিরুদ্ধে তারা উঠে-পড়ে লেগেছে, তার বিরুদ্ধে নানা রকম কথা বলছে। বলছে তিনি মানসিক রোগী।’ ফখরুল বলেন, এখন আওয়ামী লীগ নয়, ‘আমলা লীগ’ দেশ চালাচ্ছে। ডিসি, এসপি, ওসি—এরা এখন ওদের (আওয়ামী লীগ) চাইতে অনেক বড়। এই অবস্থার জন্য শেখ হাসিনাকে, তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে মির্জা ফখরুল বলেন, “আমাদের কথা খুব স্পষ্ট, অবশ্যই এ দেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, যাতে করে জনগণ ভোট দিতে যেতে পারেন। ‘যার ভোট সে-ই দেবে, যাকে ইচ্ছা তাকে  দেবে’—সেই ব্যবস্থা তৈরি করতে হবে।”

বিএনপির মধ্যে গণতন্ত্র নেই—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন,  তাদের গণতন্ত্র শুধু মুখেই। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। কৃষক দলের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, সরকার কৃষকদের সবচেয়ে বেশি করুণ অবস্থায় নিয়ে গেছে। তারা ফসলের মূল্য পান না। ঋণে জর্জরিত। তাদের জন্য আন্দোলন করতে হবে। কৃষকদের জাগিয়ে তুলতে হবে। নয়তো গণতন্ত্রের আন্দোলন সফল হবে না।