বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:৩০

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশের হিন্দু মুসলমানরা দীর্ঘদিন একে অন্যকে সহযোগিতা ও সম্প্রীতিতে বসবাস করে আসছেন। চমত্কার পরিবেশে শারদীয় দুর্গোত্সব পালনই তার বড় প্রমাণ। তিনি আরো বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা শিক্ষা, চিকিত্সা ও সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তুলে মানবসেবার উদাহারণ রেখে গেছেন। তার মতো মহামানব এ দেশে আর আসবে কি না সন্দেহ। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ ও কুমুদিনী কমপ্লেক্সে পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে থাকা ডেপুটি হাইকমিশনার জাবেদ প্যাটেল সাংবাদিকদের বলেন, দানবীর রণদা প্রসাদ সাহার গ্রাম ঘুরে আমার খুব ভালো লেগেছে। এখানকার মানুষ অত্যন্ত চমত্কারভাবে দুর্গাপূজা পালন করছে। পরে পায়ে েঁহটে ব্রিটিশ হাইকমিশনার মির্জাপুর গ্রামের কয়েকটি পূজামণ্ডপও পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন মণ্ডপের পুজারিদের সঙ্গে কথা বলেন। 

হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ডেপুটি হাইকমিশনার জাবেদ প্যাটেল সকালে মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। ব্রিটিশ হাই কমিশনার কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন শেষে নৌকায় লৌহজং নদী পার হয়ে রণদা  প্রসাদ সাহার পূজামণ্ডপে যান। এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মির্জাপুর ও নাগরপুর) সার্কেল এস এম মুনসুর মুসা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, পরিচালক সম্পা সাহা, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসার এম এ হালিম, নার্সিত্ কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা ও কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।