মুকুন্দলাল সরকার
বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মুকুন্দলাল সরকারের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। তিনি ১৯০৯ সালে গোপালগঞ্জের ধর্মরায়ের বাড়িতে জন্মগ্রহণ করেন। একাত্তর বছরের জীবনকালে তিনি জমিদারি প্রথা উচ্ছেদ অভিযান, কারাবরণ, শিক্ষাপ্রতিষ্ঠান গড়া, রাস্তা নির্মাণ, খাল খননসহ অসংখ্য জনহিতকর কাজ করে স্থানীয় জনগণের মধ্যে আজও স্মরণীয় হয়ে আছেন।
১৯৬৫ সালে তত্কালীন পাকিস্তান সরকার তাকে ডিফেন্স অব পাকিস্তান রুলে গ্রেফতার করে দীর্ঘকাল কারা অন্তরীণ করে রাখে। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহিদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। শ্রী সরকার সমাজসেবার অংশ হিসেবে কলেজ প্রতিষ্ঠা এবং গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দিবসটি পালন উপলক্ষ্যে আজ বুধবার ধর্মরায়ের বাড়ি গ্রামে বিকাল ৪টায় মুকুন্দলাল সরকারের সংগ্রামী জীবন ও কর্মের ওপর বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচী লিখিত ‘গেপালগঞ্জের মুকুন্দলাল: জনপদের জননেতা’ শীর্ষক গ্রন্থের ওপর আলোচনা ও স্মৃতি তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী গ্রাম হাইশুরের বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য খাবার পরিবেশন ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
