আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠক গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন শেষ করল দলটি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, উপদেষ্টা পরিষদ সদস্য রশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অ.) ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ। এর আগে গত বৃহস্পতিবার দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ধারাবাহিক বৈঠক শুরু হয়। প্রথম দিনের বৈঠকে জাতীয় সংসদের সিরাজগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনসহ দুটি উপজেলা ও ১০টি পৌরসভার দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকে গত পাঁচ দিনের মুলতবি ধারাবাহিক বৈঠকে বিভাগওয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
