বৃদ্ধ নারীকে ইউপি চেয়ারম্যানের থাপ্পড়-লাথি

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:৪১

আখাউড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক বৃদ্ধা নারীকে থাপ্পড় ও লাথি মারার অভিযোগ উঠেছে। উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে। জন্মনিবন্ধন সংশোধনের জন্য অতিরিক্ত টাকা চাওয়ার প্রতিবাদ করায় ঐ নারীকে মারধর করেন চেয়ারম্যান মো. মনির হোসেন। ভুক্তভোগী ঐ নারী খলাপাড়া গ্রামের আলমগীর চৌধুরীর স্ত্রী আসমা বেগম। এ বিষয়টির গত সোমবার রাতে তিনি থানায় অভিযোগ দিয়েছেন। 

জানা যায়, আসমা বেগম গত ৩ মাস ধরে তার বিদেশগামী ছেলের জন্মনিবন্ধন সংশোধনের জন্য চেয়ারম্যানের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে চেয়ারম্যান তার কাজটি করে দিচ্ছেন না। এজন্য তিনি ছেলেকে বিদেশেও পাঠাতে পারছেন না। সোমবার দুপুরে আসমা বেগম আবারও ছেলেকে নিয়ে চেয়ারম্যানের কাছে যান। এ সময় চেয়ারম্যান তার কাছে ৫ হাজার টাকা দাবি করেন। আসমা বেগম এত টাকা চাওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান উত্তেজিত হয়ে তাকে গালাগাল করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান তাকে থাপ্পড় দিলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে চেয়ারম্যান তাকে কয়েকটি লাথি মারেন।

আসমা বেগম বলেন, মনির চেয়ারম্যান ৫ হাজার টাকা দাবি করলে আমি তাকে ৫০০ টাকা দেই। এতে তিনি উত্তেজিত হয়ে টাকা ছুড়ে ফেলে দিয়ে আমাকে তাড়িয়ে দেন। সোমবার দুপুরে আবারও আমি চেয়ারম্যানের কাছে যাই। তখন তিনি ফের ৫ হাজার টাকা চান। এর প্রতিবাদ জানালে তিনি থাপ্পড় ও লাথি মারেন। ইউপি সদস্য মো. মোরশেদ আলম বলেন, ‘আমি অফিসে গিয়ে দেখি আসমা বেগম সচিবের রুমে বসে কাঁদতেছেন। আমাকে দেখে তিনি জানান-চেয়ারম্যান তাকে মারধর করেছেন।’ তবে চেয়ারম্যান মনির হোসেন এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেছেন। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, আমি চেয়ারম্যানকে ফোন করে বলেছি ঐ নারীর কাছে ক্ষমা চাওয়ার জন্য।  কাউকে আঘাত করার অধিকার তার নাই।