রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় কলেজছাত্র রাজু আহমেদ হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসির রায় দিয়েছে দ্রুত বিচার ট্রাইবুনাল। একই সঙ্গে আসামিদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করে ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ এজলাসে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলার ৯ আসামিকে বেকসুর খলাস দিয়েছে ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্তরা হলেন, রাজশাহী মহানগরীর দড়িখড়বোনার আজিজুর রহমান রাজন, সাজ্জাদ হোসেন সাজু, মো. রিংকু বয়া, দুর্গাপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহাবুর রশীদ রেন্টু।
