আড়াই কোটি টাকা লোপাট যশোর শিক্ষা বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালাম বরখাস্ত

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:৪২

চেক জালিয়াতের মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বোর্ড কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করে বোর্ডের সচিব প্রফেসর এ এম এইচ আলী আর রেজা জানান, এ ঘটনার পুরো দায় সালাম স্বীকার করে নিয়েছেন এবং সেই সঙ্গে তিনি ১৫ লাখ ৪২ হাজার টাকা ফেরত দিয়েছেন। রবিবার বিকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে সালামের পক্ষে তার স্ত্রী সব দোষ স্বীকার করেন এবং পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা দেন। এরপর বোর্ড কমিটির সিদ্ধান্ত মোতাবেক সালামকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, চেক জালিয়াতির মাধ্যমে যশোর শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনায় রবিবার সকালে দুদকে (দুর্নীতি দমন কমিশন) অভিযোগ দাখিল করেন বোর্ডের সচিব এ এম এইচ আলী আর রেজা। এরপর দুপুর ১২টার দিকে দুদকের কর্মকর্তারা বোর্ডে গিয়ে তদন্ত শুরু করেন। অভিযুক্ত ঠিকাদার শরিফুল ইসলাম বাবু ও আশরাফুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মূল হোতা হিসাব সহকারী আব্দুস সালাম অনুপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকার ৯টি চেক ইস্যু করে। এই ৯টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে ১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০ টাকা এবং শাহী লাল স্টোরের নামে ৬১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত্ করা হয়েছে। দুদকের যশোর অঞ্চলের উপপরিচালক নাজমুস ছায়াদাতের নেতৃত্বে তদন্ত শুরু করেন সহকারী পরিচালক মোশাররফ হোসেন ও সহকারী পরিচালক মাহফুজ ইকবাল। তদন্ত শুরুর পরপরই সালামের স্ত্রী লিখিতভাবে সব দোষ স্বীকার করেন এবং টাকা ফেরত দেন।