অভিমানে নিজের গায়ে আগুন! দগ্ধ সেই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০০:২৮

নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ঈশিতা ইয়াসমিন সিমি (১৮)। তিনি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় সিমি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিত্সক পার্থ শংকর পাল বলেন, মেয়েটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায়  মারা যান তিনি।

মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে জানতে চাইলে ঈশিতার চাচা মিজানুর রহমান বলেন, গত শনিবার দিবাগত রাতে পড়ালেখার জন্য ঈশিতার মা নার্গিস বেগম রাগারাগি করেন। এজন্য অভিমানে হয়তো ঈশিতা নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে রাতেই ঈশিতাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল­াস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্র জানায়,  ঈশিতা কামরাঙ্গীরচর নোয়াগাঁও গ্রামের মো. ইদ্রিসের মেয়ে। তার বাবা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কর্মচারী। সেই সূত্রে তারা স্কুলের কোয়ার্টারেই থাকেন।