হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শাকসবজিসহ নানা পচনশীল পণ্য রপ্তানিতে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট-ঢাকা-লন্ডন ফ্লাইটে রপ্তানিকারকরা এসব পণ্য বুকিং দিতে পারছেন না। সংশ্লিষ্টরা জানান, ব্রিটেনের লন্ডনসহ বিভিন্ন শহরে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা আছে। কিন্তু বিমানের কার্গো বিভাগের কর্মকর্তারা গতকাল থেকে এসব পণ্যের বুকিং বন্ধ রেখেছেন। এত শত শত টন শাকসবজি ও পচনশীল পণ্য কার্গো ভিলেজে পড়ে আছে। এতে রপ্তানিকারকরা নানা ভোগান্তিতে পড়েছেন। অনেকে অর্ডার হারানোর আশঙ্কায় রয়েছেন।
রপ্তানিকারকরা জানান, অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে এসব পচনশীল দ্রব্য অগ্রাধিকার ভিত্তিতে বুকিং নেওয়ার কথা। কিন্তু বিমানের কার্গো বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এসব পণ্য বুকিং না নিয়ে অন্য পণ্যগুলো বুকিং নিচ্ছে। এ বিষয়ে তাদের কাছে জবাব চাইলে তারা কথা বলতেই রাজি নন। যার ফলে ব্রিটেনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি হুমকির মুখে পড়েছে। আমদানিকারকরা যেসব পণ্যের অর্ডার দিয়েছেন সেগুলোও পড়ে আছে কার্গো ভিলেজে। এ বিষয়ে বিমানের কার্গো বিভাগের জিএম কিছু জানাতে অপারগতা প্রকাশ করে পাবলিক রিলেশন্স বিভাগের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন। একই বিভাগের মার্কেটিং ও সেলস বিভাগের পরিচালকের সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস দিলেও তিনি রেসপন্স করেননি।
