আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। গতকাল মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতুবি বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ৮৪৮ ইউপিতে দলের একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল দুই দিন। কিন্তু প্রার্থীদের পারিবারিক পরিচয়, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, এলাকায় কতটা জনপ্রিয়, দলে ভূমিকা—এ সব যাচাই করতে গিয়ে বৈঠক টানা ছয় দিন ধরে অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, গতকালের বৈঠকের শুরুতে দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল থেকে যে সব অভিযোগ আসে সেগুলো যাচাই করা হয়। পরে বৈঠকে চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন শেষ হলো। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, উপদেষ্টা পরিষদ সদস্য রশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অ.) ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ধারাবাহিক বৈঠক শুরু হয়। প্রথম দিনের বৈঠকে জাতীয় সংসদের সিরাজগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনসহ দুটি উপজেলা ও ১০টি পৌরসভার দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকে গত পাঁচ দিনের মুলতুবি ধারাবাহিক বৈঠকে বিভাগওয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
