রাজধানীর রায়েরবাজারে নিজের চতুর্থ স্ত্রীর বাসায় মনির মোল্লা (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের চতুর্থ স্ত্রী শিল্পী পুলিশের কাছে দাবি করেছেন যে, তার স্বামী মনির মোল্লা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মধুবাজার গদিঘড় পানির পাম্পের গলিতে শিল্পীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মনির পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। তার বাবার নাম মজিদ মোল্লা। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভুইচাকাঠি গ্রামে।
শিল্পী বেগম জানান, দুই বছর আগে মনিরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে জানতে পারেন মনির আগে আরো তিনটি বিয়ে করেছেন। কিছু দিন আগে সাংসারিক ঝগড়ার কারণে শিল্পী তার স্বামী মনিরের বাসা ছেড়ে গদিঘড় এলাকায় ঘর ভাড়া নেন। ঘটনার রাতে মনির নেশাগ্রস্ত অবস্থায় তার বাসায় আসেন এবং রাতে থাকেন। সকালে মনিরকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। বেলা ১২টার দিকে বাসায় ফিরে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ। কৌশলে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। এরপর অচেতন অবস্থায় মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনা সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। পুলিশ খোঁজ নিচ্ছে এটা আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা।
