গ্রিন রোডে গৃহকর্মীর ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগে বাড়ি ঘেরাও

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০০:৪৩

রাজধানীর কলাবাগান থানাধীন গ্রিন রোডের একটি বাসায় এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহপরিচারিকার নাম সাদিয়া (১৮)। কিশোরগঞ্জ সদর থানায় তার বাড়ি। মঙ্গলবার রাত ৯ টার দিকে কমফোর্ট হাসপাতালের পিছনে ১৬৮/৮, গ্রিন রোডের পাঁচ তলা বাড়ির ৪/সি নম্বর ফ্ল্যাটের গৃহকর্তা মির্জা আহমার আলীর ফোন পেয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কলাবাগান থানার এসআই বিপ্লব হোসেন বলেন, গৃহকর্তা একজন প্লাস্টিক ব্যবসায়ী। সাদিয়া নামের গৃহপরিচারিকা তার বাসায় ৩ বছর ধরে কাজ করে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে পরিবারের সদস্যরা গৃহপরিচারিকাকে তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আশেপাশের ফ্ল্যাটের লোকজন গিয়ে বুঝতে পারে যে ওই গৃহপরিচারিকা মারা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

তিনি আরো বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে। এ কারণে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে কলাবাগান এলাকার অর্ধশতাধিক গৃহকর্মী ও ছুটা বুয়া রাতে ওই বাড়ি ঘেরাও করে। তাদের দাবি, গৃহকর্তাকে গ্রেফতার করতে হবে। গৃহকর্তা ও তার পরিবারের সদস্যরা ওই গৃহপরিচারিকাকে প্রায়ই নির্যাতন চালাতেন। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, সাদিয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা যে অভিযোগ দেয় তা গ্রহণ করা হবে।