সুজানগরে ১২ কিলোমিটার সড়কে আট স্পিডব্রেকার

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:১৯

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগর-খয়রান ভায়া চিনাখড়া সড়কের দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। আর এই ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে ছোটবড় আটটি স্পিড ব্রেকার। এতে যানবাহনের পাশাপাশি এলাকাবাসীর চলাফেরায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন জানান, এলজিইডির অর্থায়নে নির্মিত ঐ সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, সিএনজি, ভটভটি এবং ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তাছাড়া সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মোটরসাইকেল আরোহী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে সুজানগর উপজেলা সদরে যাতায়াত করে থাকেন। অথচ মাত্র ১২ কিলোমিটার ঐ সড়কে অপরিকল্পিতভাবে ঘন ঘন আটটি স্পিডব্রেকার নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে নিয়ম অনুযায়ী স্পিডব্রেকারগুলো দূর থেকে চোখে পড়ার জন্য সাদা রং করার কথা থাকলেও তা করা হয়নি। ফলে দুর্ঘটনার পাশাপাশি যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিঘ্ন সৃষ্টি হচ্ছে এলাকাবাসীর চলাফেরায়। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য ঐ স্পিডব্রেকারগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার মানিকদীর গ্রামের ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী সিদ্দিকুর রহমান বলেন, ইতিপূর্বে ঐ স্পিডব্রেকার অতিক্রমকালে আমি নিজে এবং আমার আরো দুই জন বন্ধু আহত হয়েছি। সেই সঙ্গে ভ্যান উলটে আহত হয়েছে আরো তিন জন যাত্রী। ভুক্তভোগী মহল অপ্রয়োজনীয় ঐ স্পিডব্রেকার অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। উপসহকারী প্রকৌশলী আব্দুল বাতেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্পিডব্রেকার অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।