রংপুর বিভাগের ২৯ শিক্ষকের তিন মাসের এমপিও কাটার নির্দেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:২০

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগে ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ-প্রধান শিক্ষকের তিন মাসের এমপিও কেটে রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তাদের বিরুদ্ধে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) দ্বিতীয় চক্রের শিক্ষক নিয়োগে শূন্যপদের ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম। তিনি জানান, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে দায়ীদের এমপিও কেটে রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের এনটিআরসির দ্বিতীয় চক্রের শিক্ষক নিয়োগে শূন্যপদের ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে এ নির্দেশনা। 

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে, ২০১৮ সালের ১২ জুন জারি হওয়া এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কিছু নতুন পদ সৃষ্টি করা হয়। বিধান ছিল এসব পদে নিয়োগে মন্ত্রণালয় আলাদা আদেশ জারি করবে। এ পদগুলো নবসৃষ্ট পদ নামে পরিচিত। কিন্তু আদেশ জারির আগেই দ্বিতীয় চক্রে শিক্ষক নিয়োগের চাহিদা হিসেবে সে পদগুলোকে শূন্য দেখিয়েছিলেন ঐ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা।