নড়াইলে পৃথক মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:২১

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে পৃথক দুইটি মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল সদর থানার রঘুনাথপুর গ্রামের মুক্তা বেগম ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট গ্রামের মো. বারিক মোল্যা।  মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৭ আগস্ট মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশ নড়াইলের রঘুনাথপুরস্থ মুক্তা বেগমের বসতবাড়ী থেকে ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও ২০১২ সালের ১ জানুয়ারি লোহাগড়া থানাপুলিশ নড়াইলের লোহাগড়ার আব্দুল বারেকের ভাড়াটিয়া মো. বারিক মোল্যাকে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।