বিএনপি ক্ষমতায় যাওয়ার চোরাগলি খোঁজে :তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নির্বাচন নয়, ক্ষমতায় যাওয়ার চোরাগলি খোঁজে।’ গতকাল বুধবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে বিজনেস বাংলাদেশের পঞ্চম বর্ষে পদার্পণ ও ইংরেজি দৈনিক ‘ডেইলি বাংলাদেশ আপডেটে’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, অতিরিক্ত সচিব ও অফিসার্স ক্লাব, ঢাকার সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, ঢাকা রেঞ্চ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, দৈনিক সময়ের আলোর নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘ভোটের পরিবেশ সৃষ্টি হলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না’—এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘ভোটের পরিবেশ বলতে তারা কী বোঝায় সেটিই বিএনপির কাছে আমার প্রশ্ন।’ এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মন্ত্রী সংবাদপত্রগুলোর প্রচারসংখ্যা বিষয়ে বলেন, ‘চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর-ডিএফপিতে পত্রিকার সার্কুলেশন  দেওয়া আছে, সেটি বাস্তবসম্মত নয়। আমরা আপাতত খুব শিগিগর ঠিক সার্কুলেশনের ভিত্তিতে ক্রম ঠিক করে দেব।’