দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১৭ জন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৮

ভারতের রাজধানী দিল্লির একটি জনবহুল এলাকায় হোটেলে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক নারী ও একটি শিশুও আছে। মৃতরা আগুনের গ্রাস থেকে বাঁচতে হোটেলের জানালা থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। আরো বেশ কয়েকজন জানালা আর হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন। তবে দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন বলছেন, বেশিরভাগ মৃত্যুই হয়েছে দমবন্ধ হয়ে। খবর বিবিসি’র

জানা গেছে, পর্যটকদের পছন্দের কারোল বাগের ‘হোটেল অর্পিত প্যালেস’ এ গতকাল ভোর রাতে আগুন লাগে। দমকল কর্মকর্তা জি সি মিশ্র জানিয়েছেন, ভোর সাড়ে ৪টার দিকে তাদের কাছে আগুন লাগার খবর আসে। চারতলায় প্রথমে আগুন লাগার পর তা তিনতলা ও দোতলায় ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর ২০টি গাড়ি কয়েক ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল কর্মীরা হোটেল থেকে ৩৫ জনকে উদ্ধার করেন। আগুন লাগার সময় হোটেলের ৪০ টি ঘরে ৬০ জন আবাসিক ছিলেন যাদের বেশিরভাগই তখন ঘুমিয়ে ছিলেন বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। হোটেলের করিডোরগুলোতে কাঠের প্যানেলিং থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল বলে জানা গেছে। ফলে আবাসিকরা বেরিয়ে আসতে পারেননি। কয়েকজন জানালা আর ছাদ থেকে ঝাঁপ দেন।

এদিকে কীভাবে আগুন লাগল তা নিশ্চিত করে বলা না গেলেও দমকল বাহিনীর সন্দেহ বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়েই আগুন লাগে। কিন্তু মন্ত্রী জৈন বলেছেন, হোটেলটির চারতলা নির্মাণের অনুমতি ছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মালিকরা আরো দুটি তলা বেআইনিভাবে নির্মাণ করেছিল। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।