বেকারি কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি খাদ্য তৈরির অভিযোগে সাভারে একটি বেকারি কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার আমানত শাহ বেকারিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র্যাব-৪ জানায়, কারখানাটি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করে বাজারজাত করে আসছিল। এসব খাদ্য খেয়ে শিশুসহ নানা বয়সি মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিলেন। অভিযান শেষে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে কারখানা কর্তৃপক্ষকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে র্যাব-৪-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।