আগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা পরীক্ষা দিয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি, পিটিআই ইন্সট্রাক্টর পদে পদোন্নতি লাভ করার সুযোগ পেতেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য অভিন্ন খসড়া নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী প্রধান শিক্ষকের পদোন্নতি বহাল রেখে সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থিতা বাতিল করা হয়। ফলে তাঁরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি, পিটিআই ইন্সট্রাক্টর পদে পদোন্নতি লাভ করা থেকে বঞ্চিত হন। প্রাথমিকের একজন সহকারী শিক্ষক চাকরির শেষের দিকে এসেও পদোন্নতির সুসংবাদ পান না। সরকারি অন্যান্য চাকরিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতি লাভ করার সুযোগ থাকলেও প্রাথমিক সহকারী শিক্ষকদের ক্ষেত্রে তা আর এখন নেই। ফলে শিক্ষকেরা তাঁদের স্বাভাবিক কাজের উদ্দীপনা হারাচ্ছেন। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদনের যোগ্যতা নারীদের ক্ষেত্রেও স্নাতক করা হয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় মেধাবীরা আসছেন। প্রাথমিক সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থিতা বহাল রাখা শিক্ষকদের প্রাণের দাবি। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন।
মো. আশরাফুল ইসলাম
শাহবাগ, তাড়াইল, কিশোরগঞ্জ
