২৪ নভেম্বর থেকে মাধ্যমিক পরীক্ষা

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২২:৪০

আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে হবে। গতকাল এ বিষয়ে সার্কুলার জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেয় সরকার। এবার সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানাল শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের সার্কুলার অনুযায়ী, পরীক্ষা হবে তিন বিষয়ে। বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। তবে তবে পরীক্ষা ছাড়াও অ্যাসাইনমেন্টের ওপর ৪০ এবং  পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ১০ নম্বর থাকবে। 

যে সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে

যে সব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট (বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়) দেওয়া হয়েছে সেসব অধ্যায় এবং ১২ জানুয়ারি হতে শ্রেণি কক্ষে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে তা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস। সে আলোকেই এই পরীক্ষা হবে।

বার্ষিক/নির্বাচনি পরীক্ষার নম্বর বিন্যাস

বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে-৫০। এর মধ্যে লিখিত পরীক্ষায় ৩৫ ও এমসিকিউতে থাকবে ১৫। ইংরেজি (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০। এর মধ্যে ১ম পত্রে ৩০ ও ২য় পত্রে ২০ নম্বর থাকবে। সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে ৫০ । এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৩৫ ও এমসিকিউ হবে ১৫ নম্বরের।

প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করা হবে।