ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর অরুণাচল প্রদেশ সফর নিয়ে বেজিংয়ের আপত্তি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অরুণাচলের নিয়ন্ত্রণ রেখায় সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গত সপ্তাহে বেঙ্কাইয়া নায়ডু দুই দিনের অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন। সেখানে বিধানসভার অধিবেশনেও ভাষণ দেন তিনি। এরপরই আপত্তি তোলে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীন-ভারত সীমান্তের প্রশ্নে চীনের অবস্থান স্পষ্ট। চীন সরকার কোনো দিনই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। চীন-ভারত সীমান্তের পূর্ব অংশে ভারতের নেতাদের সফরের তীব্র বিরোধী চীন। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গতকাল বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ প্রশ্নে কোনো আপস করা হবে না। এক্ষেত্রে চীনের আপত্তি আমরা খারিজ করছি। তিনি জানান, ভারতীয় নেতারা যেমন নিয়মিতভাবে বিভিন্ন রাজ্য সফর করেন, তেমনভাবে অরুণাচলেও করবেন। এক্ষেত্রে ভবিষ্যতেও কোনো আপত্তি গ্রাহ্য করা হবে না। —খবর আনন্দবাজার পত্রিকার
