জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এনডিটিভির খবরে বলা হয়েছে, তাকে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে’ (এমস) ভর্তি করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, হাসপাতালের হূদেরাগ বিভাগে (কার্ডিওলজি ওয়ার্ড) রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে। তিনি চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের মে মাসেও বুকে ব্যথা নিয়ে এমসে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এমসে ভর্তি করা হয় তাকে। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন ৮৯ বছর বয়সি এই কংগ্রেস নেতা। ১৯৯০ এবং ২০০৯ সালে তার দুই বার হার্ট-বাইপাস সার্জারি হয়। তার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। কংগ্রেসের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
