জাল টাকার মামলায় পাপিয়াসহ চার জনের বিচার শুরু

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০০:৫২

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ চার জনের বিরুদ্ধে বিদেশি জাল টাকা উদ্ধারের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া আগামী ২১ নভেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রাখা হয়েছে। আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে গতকাল বুধবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দেন। পাপিয়া দম্পতি ছাড়াও অপর দুই আসামি হলেন—তাদের সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়িবা নূর। আদালতের অভিযোগ গঠনের তথ্য সাংবাদিকদের জানান আসামিপক্ষের আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভুঁইয়া।

এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রার্থনা করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।

২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চার জনকে গ্রেফতার করে র্যাব। পরে এ ঘটনায় মামলা করে র্যাব। গত বছরের ১২ অক্টোবর পাপিয়া ও তার স্বামী সুমনকে অস্ত্র মামলায় ২০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।