আইপিএলের ফাইনালে এখন কলকাতা নাইট রাইডার্স। আর তাতে বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের অবদানও রয়েছে। বুধবার (১৩ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারানোর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জনপ্রিয় টুর্নামেন্টটির ফাইনালে পৌঁছেছে কেকেআর।
এই ম্যাচে দলের জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল সাকিবের সামনে। তবে সেটি না হতে পারলেও জয়ে তার অবদান রয়েছে। দুর্দান্ত ক্যাচ ধরে ‘ম্যাচ সেরা ক্যাচের’ পুরস্কার পেয়েছেন তিনি।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগান। তার এই সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা পুরো ম্যাচে বারবার প্রমাণিত হয়েছে। দিল্লির ব্যাটারদের শুরু থেকেই চেপে ধরে কলকাতার বোলাররা। যার কারণে স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারেনি তারা। এর মধ্যে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ শিখর ধাওয়ান।
VIVO Perfect Catch of the Match award in Qualifier 2 between @KKRiders and @DelhiCapitals goes to Shakib Al Hasan. @Vivo_India #VIVOPerfectCatchOfTheMatch #VIVOIPL pic.twitter.com/2a9nDFoV2s
— IndianPremierLeague (@IPL) October 13, 2021
তার রান যখন ৩৯ বলে ৩৬, ঠিক তখনই বরুণ চক্রবর্তীর বলে পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। আর সেটি দুর্দান্ত এক ডাইভে তালুবন্দী করে নেন সাকিব। তাইতো ভিভো পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচ এর খেতাব জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে এক লাখ রুপি পুরস্কারও পেয়েছেন।
আগামী শুক্রবার (১৫ অক্টোবর) ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
ইত্তেফাক/টিএ
