ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০১:০৪

সংবিধানে রয়েছে নির্বাচন কমিশন গঠনে প্রণয়ন করতে হবে আইন। কিন্তু গত ৪৯ বছরেও সেই আইন প্রণয়ন করেনি কোনো সরকার। এখন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে আইন প্রণয়ন না করা পর্যন্ত সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য আদালতের কাছে আদেশ প্রার্থনা করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বাদী হয়ে হাইকোর্টে এ রিট করেন।

 বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হবে।

রিটে আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু স্বাধীনতার পর প্রণয়ন করা হয়েছে সংবিধান। সেই সংবিধানের একটি অনুচ্ছেদ ৪৯ বছরেও প্রতিপালন করতে পারেনি কোনো সরকার। এটা সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন।

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, সরকারের সদিচ্ছা থাকলে এক সপ্তাহের মধ্যে ইসি গঠনে আইন প্রণয়ন করা সম্ভব। নির্বাচন কমিশন গঠনে আইনটি কেমন হবে তা সংবিধানের সপ্তম ভাগে বলা আছে বলে জানান এই আইনজীবী।

গত ৭ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সার্চ কমিটির মাধ্যমেই আগামী নির্বাচন কমিশন গঠিত হবে। সময় স্বল্পতার কারণে আইন করারও সুযোগ নেই। সে কারণে সার্চ কমিটির মাধ্যমেই হবে নির্বাচন কমিশন গঠন।