নড়িয়ার পন্ডিতসারে আন্তর্জাতিক ইসলামি সেমিনার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৪

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মের মানুষ মৌলবাদ, জঙ্গিবাদ বিশ্বাস করেন না। ইসলাম সাম্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছে। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ইসলাম ধর্মের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গতকাল মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার চিশতীনগরে ইসলাম প্রচার নিয়ে আন্তর্জাতিক সেমিনারে তিনি এ সব কথা বলেন। এর আগে প্রধান অতিথি হিসাবে সেমিনারের উদ্বোধন করেন তিনি। চিশতীনগর খানকায়ে চিশতীয়ার (দরবার শরীফ) উদ্যোগে দিনব্যাপী এ সেমিনারে দেশ-বিদেশের ইসলামী পণ্ডিত ও আলেমরা অংশ নেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেন, এ দরবার  একটি  আদর্শ  দরবার। এখানে আসলে মন পবিত্র হয়ে যায়, ইসলাম সম্পর্কে অনেক কিছু শেখা যায়। তিনি বলেন, আমি  এর আগেও এখানে এসেছি। মানুষকে সেবা করার মধ্যেই রয়েছে ইসলামের আদর্শ।

হযরত শাহজাদা সুফি সৈয়দ গোলাম মুরসা?লিন হোসাইন চিশতির সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে ভারতের ড. আল্লামা সাইয়্যেদ শামীমুদ্দিন আহমেদ, দিল্লি জামেয়া মিলিয়া ইসলামিয়া এর গবেষক সাইয়্যেদ আতিফ হুসাইন কাজমী, বাংলাদেশ বেতারের আরবী প্রোগ্রামের পরিচালক ড. মাওলানা মুঃ এনামুল হক আল আজহারী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইফতেখার আনম প্রমুখ উপস্থিত ছিলেন।