স্বাস্থ্যকর কবিতা

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০:২৪

এই কবিতাটি খেয়ে দেখতে পারেন

অন্যরকম একটা স্বাদ পাবেন

খুব বেশি মিষ্টিও না

আবার খুব বেশি ঝালও না

সদ্য জ্বর থেকে পরিত্রাণ মিললে

যেরকম খাবার আপনার খেতে ইচ্ছে করে

এই কবিতাটি ঠিক সে-ই রকম।

কবিতা খেতে ভয় পাচ্ছেন?

আরে ভয় কীসের? নির্ভয়ে খান।

আদর্শ, নৈতিকতা, ইতিহাস, ঐতিহ্য

শিল্প-সংস্কৃতি, আইন, বিচার

সবই যখন খেয়ে হজম করে ফেলেছেন

তখন এই সামান্য কবিতা

আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না।

তবে হ্যাঁ, কবিতাটি শিশুদের নাগালের বাইরে রাখুন

কেননা ওরা সবেমাত্র

শহিদ মিনার আর স্মৃতিসৌধের

অর্থ বোঝার চেষ্টা করছে।

 

[ঢাকা]