আপনি যে মঞ্চে একবার আঙুল বুলাতে চেয়েছিলেন
সে মঞ্চের নায়ক যে আপনিই
এই খবরটা কখনো শিরোনাম হবে না!
জানেনই না কোন অভিমানে কৃষ্ণচূড়া হলদে হয়েছিল
আপনি শুনতে পাননি
সম্মোহনী আয়নার ৩০ সেকেন্ডের ঝলকে
কতটা উসকে উঠেছিল সপ্তম সমুদ্র
এই ঝুলে থাকা কুশীলবে বর্ষাও যে শুকিয়ে যায়
বুলি হারায় বারান্দা
আর এমন তেমন করে লোনলি চুলের ভাঁজ
পুড়ে হয় চায়ের রং
সে না জানলেও হবে!
শুধু এই কথাটা আলমারিতে রাইখেন
আপনার জন্যই আমার বিরহ লাগে
উচ্ছ্বসিত হয় একটি মৃত্যু
সরল গণিত হয় বাসনঘরের সকল গুণনীয়
আপনারেই পরাণের কাছে পাই আপন-আপন ঘ্রাণে
[ফরিদপুর]
