অনেক জল ঘোলার পর অবশেষে বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের হিন্দি সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। নির্মাতা বিশাল গতকাল দুপুরে নিজের ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সো ডেলাইটেড টু হ্যাভ দিস গর্জিয়াস অ্যাক্টর ফ্রম বাংলাদেশ।’ বর্তমানে ‘খুফিয়া’ শিরোনামের এই সিনেমাটির শুটিংয়ের জন্য বাঁধন দিল্লিতে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁধন নিজেই। যদিও এই বিষয়ে বিস্তারিত বলার জন্য আরো দু’দিন সময় চেয়েছেন তিনি। বাঁধন বলেন, ‘সময় হলে সব জানাবো। দুটো দিন সময় দিন। গুঞ্জনে কান দেওয়া ঠিক হবে না। বলিউড-হলিউডে কাজ করার আগ্রহ কার না থাকে। আমারও আছে। কিন্তু সেটি শতভাগ নিশ্চিত না হয়ে আগাম বলা ঠিক হবে না। আমি সব বলবো। একটু দাঁড়াতে দিন।’
উল্লেখ্য, এর আগে সিনেমাটির জন্য নির্মাতা বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। তবে সিনেমাটির গল্পে বাংলাদেশ নিয়ে কিছু বিতর্কিত বিষয় আছে উল্লেখ করে সেই অফার ফিরিয়ে দেন তারা। এদিকে সিনেমাটির গল্পের বিতর্কিত বিষয় পরিবর্তন করা হয়েছে কি-না সে বিষয়ে জানা যায়নি।
